ক্রোম ও এজে এডব্লকার কাজ করছেনা কেনো


গুগল ক্রোম বা মাইক্রোসফট এজ ব্রাউজারে uBlock Origin এর মতো এডব্লকার ব্যবহার করছেন? যদি করেন, তবে হয়তো খেয়াল করেছেন আজকাল এক্সটেনশন পাতাটায় একটি ইরর দেখানো হয়: "This extension may soon no longer be supported" (এই এক্সটেনশনটির সমর্থন শীঘ্রই বাতিল হবে)।

অনেকেই ভাবতেছেন এটি সাধারণ কোনো আপডেট। কিন্তু বাস্তবতা হলো, গুগল ইন্টারনেট ব্রাউজিংয়ের জগতটাকে এমনভাবে বদলে দিচ্ছে, যেখানে আপনার ব্রাউজারের ওপর আপনার নিয়ন্ত্রণ আর আগের মতো থাকবে না। এই পরিবর্তনের নাম Manifest V3

ম্যানিফেস্ট ভি২ বনাম ভি৩: সমস্যাটা কোথায়?

সহজ কথায়, Manifest হলো ব্রাউজারের এক্সটেনশনগুলো কীভাবে কাজ করবে, তার নির্দেশিকা বা নিয়মাবলি। এতদিন আমরা Manifest V2 ব্যবহার করছিলাম, যা এডব্লকার ডেভেলপারদের জন্য ছিল স্বর্গরাজ্য। কিন্তু গুগল এখন জোরপূর্বক Manifest V3 চাপাচ্ছে।

কেন এডব্লকার ডেভেলপাররা বলছেন যে ভি৩ "কন্ট্রোলের বাইরে"?

১. ক্ষমতা কেড়ে নেওয়া: Manifest V2-তে এক্সটেনশনগুলোর ক্ষমতা ছিল ব্রাউজারের প্রতিটি নেটওয়ার্ক রিকোয়েস্ট (Network Request) লাইভ মনিটর করার এবং প্রয়োজনে লোড হওয়ার আগেই ব্লক করে দেওয়ার। কিন্তু Manifest V3 তে এই ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। এখন এক্সটেনশন নিজে কিছু ব্লক করতে পারবে না, বরং তাকে ব্রাউজারকে একটি "নিয়মের তালিকা" (Rule list) ধরিয়ে দিতে হবে। ব্রাউজার সেই তালিকা দেখে সিদ্ধান্ত নেবে কী লোড হবে আর কী হবে না।

২. নিয়মের সীমাবদ্ধতা: আগে এডব্লকারগুলো লক্ষ লক্ষ ফিল্টার ব্যবহার করে নিখুঁতভাবে ট্র্যাকার ও অ্যাড আটকাতে পারত। Manifest V3-তে গুগল এই রুলের সংখ্যা সীমিত করে দিয়েছে। ফলে এডব্লকারগুলো আর আগের মতো শক্তিশালী বা স্মার্ট হতে পারছে না।

৩. ধীরগতির আপডেট: নতুন কোনো ট্র্যাকিং মেথড বা অ্যাড আসলে আগে ডেভেলপাররা মুহূর্তের মধ্যে ফিল্টার লিস্ট আপডেট করতে পারতেন। এখন সেই প্রসেসটি অনেক দীর্ঘ ও জটিল হয়ে গেছে।

মাইক্রোসফট এজের (Edge) কী অবস্থা?

দুর্ভাগ্যবশত, মাইক্রোসফট এজের অবস্থাও তথৈবচ। কারণ, মাইক্রোসফট এজ Chromium (ক্রোমিয়াম) ইঞ্জিনের ওপর ভিত্তি করে তৈরি। গুগল যখন ক্রোমিয়াম ইঞ্জিনের মূল কোড থেকে V2 সাপোর্ট সরিয়ে নিচ্ছে, তখন এজকেও সেই পথেই হাঁটতে হচ্ছে। মাইক্রোসফট অফিশিয়ালি জানিয়েছে যে তারাও গুগলের টাইমলাইন মেনেই পুরনো এডব্লকারগুলো অকেজো করে দেবে।

অর্থাৎ, Opera, Vivaldi, Edge বা Chrome.... সবাই একই নৌকার মাঝি।

তাহলে সমাধান কী?

গুগলের এই একচ্ছত্র আধিপত্য থেকে বাঁচতে এবং এডমুক্ত ব্রাউজিং অভিজ্ঞতা ধরে রাখতে আপনার সামনে এখন দুটি প্রধান পথ খোলা আছে:

  • ফায়ারফক্স (Firefox) ব্যবহার করা: ফায়ারফক্স কোনো ক্রোমিয়াম ব্রাউজার নয়; এটি নিজস্ব Gecko ইঞ্জিনে চলে। মোজিলা (Mozilla) প্রতিশ্রুতি দিয়েছে যে তারা Manifest V3 সাপোর্ট করবে ঠিকই, কিন্তু এডব্লকারদের জন্য প্রয়োজনীয় পুরনো শক্তিশালী ফিচারগুলোও চালু রাখবে। ফলে uBlock Origin ফায়ারফক্সে আগের মতোই দাপটের সাথে কাজ করবে।
  • ব্রেভ (Brave) ব্রাউজার: ব্রেভ ক্রোমিয়াম বেসড হলেও, তাদের অ্যাড-ব্লকিং সিস্টেমটি ব্রাউজারের নিজস্ব কোড (Native Rust Code) দিয়ে তৈরি। এটি এক্সটেনশন API-এর ওপর নির্ভর করে না, তাই গুগলের এই পরিবর্তন ব্রেভকে প্রভাবিত করতে পারবে না।

গুগল দাবি করছে Manifest V3 নিরাপত্তা বাড়াবে। কিন্তু প্রযুক্তি বিশেষজ্ঞরা মনে করেন এটি মূলত তাদের বিজ্ঞাপন ব্যবসার স্বার্থে করা। আপনি যদি আপনার প্রাইভেসি এবং ব্রাউজারের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চান, তবে এখনই সময় ক্রোম বা এজ ছেড়ে ফায়ারফক্স বা ব্রেভে শিফট করার।

ইন্টারনেট হোক উন্মুক্ত এবং এর নিয়ন্ত্রণ থাকুক ব্যবহারকারীর হাতেই।

Abrarul Hasan

Who is me? Your brother from Bangladesh.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন